পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় পলাশবাড়ী কালিবাড়ী হাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারী) দুপুরে পৌরসভার কালীবাড়ি হাটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় কালীবাড়ি মুরগী হাটে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যাবসায়ীক সমিতির আয়োজনে সমিতির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মুন্সি, পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সাখার সহ সভাপতি জয়নাল মাষ্টার,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজালাল সরকার, বিশিষ্ট মসলা ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী সুমন, ইজারাদার এর পক্ষে সোলাইমান প্রমুখ।
বক্তারা,ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। একই সাথে ভবিষ্যতে যেন এরকম নেক্কারজনক ঘটনা আর না ঘটে সেজন্য সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে ব্যবসায়ীরা প্রায় ঘণ্টা ব্যাপী সকল দোকান পাট বন্ধ রাখেন এবং অপরাধীর শাস্তির দাবি জানিয়ে সকলের অংশগ্রহণে একটি মিছিল হাটের সকল রাস্তা প্রদক্ষিন করেন।
উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি হাটে গতরাত আনুমানিক ১০ টার সময় মুরগী হাটিতে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী সুমন ও মিলন—এই দুই ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী অপর মুরগি ব্যবসায়ী, পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক চরমে পৌঁছালে সুমন ও মিলন দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ সময় তারা ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেটে ও মাথায় আঘাত করে। আকস্মিক হামলায় রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন।পরে আহত রেজাউলকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।বর্তমানে ব্যবসায়ী রেজাউল মিয়া মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































